সিটিনিউজবিডি : কয়েক দফা তারিখ স্থগিতের পর অবশেষে সোমবার (১০ আগস্ট) দেশে ফিরলেন মায়ানমারে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি।
সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পতাকা বৈঠক শেষে তাদের ১৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে মায়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তাদের দেশে এনে ঘুমধুম হাইস্কুল মাঠে রাখা হয়েছে।
এর আগে সকাল ১১টা বাংলাদেশের ঘুমধুম সীমান্তের ওপারে মায়ানমারের তুমব্রু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে বসে ১৭ বিজিবির একটি প্রতিনিধি দল।
১৭ বিজিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ৩০ জুলাই ও ৫ আগস্ট ওই ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়।
বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মায়ানমারের নৌবাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় ২২ জুলাই ১৬০ বাংলাদেশিকে ফেরত পাঠায় মায়ানমার। এরপর দ্বিতীয় দফায় শনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।
