সিটিনিউজবিডি :: চিকিৎসার জন্য দুই-এক দিনের মধ্যে বৃটেন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার এ কিথা জানিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, “চেয়ারপারসন চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। সম্ভবত কাল বা পরশু তিনি রওনা হবেন। এটা নির্ভর করছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ওপর। এটা ১১, ১২ অথবা ১৩ তারিখ হতে পারে।”
চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া বৃটেন যাচ্ছেন বলে জানা গেছে দলের একাধিক নেতার ভাষ্যে। এ ছাড়া তার আইনজীবীরা ইতিমধ্যে তার চোখের চিকিৎসার কথা বলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকের কাছে বিদেশে যাওয়ার অনুমতিও চেয়েছেন।
যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন সে দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, “তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, দুবার সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তিনি। সুতরাং যে দেশে সফর করবেন, সে দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকে, সৌজন্য সাক্ষাতের ব্যাপার থাকে, থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।”
২০০৬ সালের শেষ দিকে ক্ষমতা ছাড়ার পর যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বিতীয় সফর এটি। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।
