সিটিনিউজ ডেস্ক:: গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম ৪৩ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে ডিপিডিসির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, বর্তমানে প্রতি ইউনিটের সঙ্গে বিতরণ ব্যয় যোগ করলে মূল্য দাঁড়ায় ৭.৭৫ টাকা। কিন্তু গড়ে তা ৭.৩২ টাকায় বিক্রি করা হচ্ছে। ক্রয়-বিক্রয়ের মধ্যে ঘাটতি থাকায় প্রতি ইউনিটে লোকসান হচ্ছে ৪৩ পয়সা। এ কারণে ২০১৬-১৭ অর্থবছরে ৩৫০ কোটি টাকা লোকসান হয়েছে। তাই বিদ্যুতের দাম ৪৩ পয়সা বাড়ানো প্রয়োজন।
এ ছাড়াও ডিপিডিসি আবাসিকে ৫.৯৯ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। সার্ভিস চার্জ ১ ফেজ ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং ৩ ফেজ ৩০ টাকার স্থলে ৫০ টাকা করার প্রস্তাব করেছে।
প্রস্তাব গ্রহণ করছেন বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদ উল হক ভূঁইয়া।
তবে প্রস্তাবিত দামের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি এক্ষেত্রে বিদ্যুতের দাম ১৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।
এদিকে শুনানিতে নাগরিক প্রতিনিধিরা দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে।
