বর্ষসেরা ফুটবলার রোনালদো

0

সিটিনিউজ ডেস্ক :: এবারও বর্ষসেরা ফুটবলের মুকুট পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এতে চমকে যাবার কিছু নেই। এটিই হতে যাচ্ছে বলাই যাচ্ছিল। না হলে হয়তো অবাক হওয়া যেতো। তবে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কারটি নিলেন রোনালদো। 

ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

এ বছর শেষ হবার আগেই (জানুয়ারি থেকে অক্টোবর) রোনালদোর শোকেসে যোগ হয়েছে একটা লা লিগার ট্রফি, আরো একটা ক্লাব বিশ্বকাপ এবং একটা চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গেলো বছর দেশের হয়ে ইউরো জেতানোর পর এ বছর পর্তুগালকে নিয়ে এসেছেন কনফেডারেশনস কাপের সেমিফাইনালে। এসব কীর্তিতেই মেসি ও নেইমারকে ছাড়িয়ে সেরা হয়েছেন রোনালদো।

সবমিলিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর রোনালদো বলেন, ‘আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি লিও ও নেইমারের কথা বলব, এখানে উপস্থিত থাকাটা দারুণ ব্যাপার। রিয়াল মাদ্রিদ সমর্থক, আমার সতীর্থ, আমার কোচ, সারা বছর তারা আমাকে সহায়তা করেছে।’

বর্ষসেরা ফুটবলার পুরস্কারের যাত্রা ১৯৯১ সাল থেকেই। তবে কয়েক বার পরিবর্তন হয়েছে এ পুরস্কারের নামে। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর পর কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেয়া হচ্ছে আগের মতোই। গেলো বছর যাত্রা শুরু করে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে। প্রথমবারই সেরা হয়েছেন রোনালদো।

এছাড়া বর্ষসেরা গোল কিপারের পুরস্কার পেয়েছেন ৩৯ বছর বয়সী ইতালির ফুটবলার বুফন। বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

ফিফার বর্ষসেরা একাদশ-

বুফন (জুভেন্টাস), আলভেজ (জুভেন্টাস, এখন পিএসজিতে ), বোনুচ্চি (জুভেন্টাস, এখন এসি মিলানে), রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মডরিচ (রিয়াল মাদ্রিদ), ক্রুস (রিয়াল মাদ্রিদ), ইনিয়েস্তা (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা, এখন পিএসজিতে ), মেসি (বার্সেলোনা), রোনালদো (রিয়াল মাদ্রিদ)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.