সিটিনিউজ ডেস্ক :: সোমবার (২৩ অক্টোবর) মধ্যরাতে মেরামতের জন্য দেশের প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ করায় দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট গতি ধীর দেখা যাচ্ছে। বিভিন্ন স্থান হতে ইন্টারনেট ব্যবহারকারীর কাছ থেকে এই গতির সমস্যার কথা জানা গেছে।
এর আগে মেরামত কাজের জন্য সোমবার মধ্যরাত থেকে দেশের প্রথম সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) তিনদিনের জন্য বন্ধ থাকার কারণে ব্যান্ডউইটথের ঘাটতির কথা জানিয়েছেন সাবমেরিন কেবলের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি বিএসসিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান জানিয়েছেন, ২৬ অথবা ২৭ অক্টোবর পর্যন্ত ক্যাবলটির মেরামত কাজ চলবে।
১২ বছরের মধ্যে এই প্রথম ক্যাবলটি বন্ধ করা হলো। দেশের প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধের ফলে সৃষ্ট সমস্যা সামাধানে বিএসসিসিএল ফ্রান্স হতে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করছে বলে জানা গেছে। এতে কোম্পানিটির খরচ হবে প্রায় ১৬ লাখ টাকা।
বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইটথের দৈনিক চাহিদা ৪৫০ জিবিপিএস (গিগা বাইট প্রতি সেকেন্ড)। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবল থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইটথ পাওয়া যায়। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইটথ ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।
এর আগে কয়েকবার এটি মেরামতের সময় ঠিক করে শেষ পর্যন্ত কাজ শুরু করতে পারেনি বিএসসিসিএল। এ নিয়ে চতুর্থবার মেরামতের সূচি পরিবর্তন হয়।
