সিটিনিউজ ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘ বিএনপি আগামী নির্বাচনে যদি না আসে, তাহলে তাদের অস্তিত্ব হারিয়ে যাবে। বিএনপি মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে। ’
বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে-বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাবে-এটা কি মওদুদের মনের কথা নাকি বিএনপির মনের কথা? আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে জানতে চাই। কারণ বিএনপির মুখে এক কথা, মনে আরেক কথা।
শনিবার (০৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেন। আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ফেনীতে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফেনীতে যদি হামলা আ’লীগ করে, তাহলে সাংবাদিকদের ওপর করবে কেন? আর এমন একটি হামলা যেখানে বিএনপির একজন নেতাকর্মীও আহত হয়নি। আসলে বিএনপিই সাংবাদিকদের ওপর হামলা করেছে নিউজ বড় হওয়ার জন্য।
‘সরকারি দল কেন যেচে পড়ে অশান্তি ডেকে আনবে। আমি জনগণের কাছে বিচার দিতে চাই। জনগণকে বলতে চাই, এই হামলা পূর্বপরিকল্পিত। ’
তিনি বলেন, ঢাকায় ফেরার পথে দুইটা বাস রাস্তার উল্টোপাশে দাঁড়িয়েছিল। বিএনপির শ্রমিকদল খালেদা জিয়া বেরিয়ে যাবার পর বাসগুলোতে আগুন দিয়েছে।
গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। যাত্রাপথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। সড়কপথে ঢাকায় ফেরার পথে ফেনীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খালেদা জিয়া বিমানে না গিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সড়কপথে গেছেন-এমন অভিযোগও করেছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, অসুস্থ খালেদা জিয়া বিমানে না গিয়ে ১০ হাজার মানুষকে ত্রাণের প্যাকেট দেওয়ার জন্য চট্টগ্রাম-কক্সবাজারে এসেছিলেন। তিনি পুরোপুরি চট্টগ্রাম-কক্সবাজারের রাস্তা অচল করে দিয়েছেন। কয়েক লাখ রোহিঙ্গার ত্রাণসামগ্রী যাওয়ার পথও তিনি বন্ধ করে দিয়েছিলেন।
কাদের বলেন, খালেদা জিয়ার আগে, সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রোহিঙ্গা শিবিরে গেছেন। তখন খালেদা জিয়া লন্ডনে বসেছিলেন। শেখ হাসিনা যখন রোহিঙ্গাদের পরিদর্শনের জন্য যান, তার আগেই খালেদা জিয়া ভ্যানিটি ব্যাগ আন্দোলনের ঘোষণা দিয়ে লন্ডনে চলে যান।
‘শেখ হাসিনা রোহিঙ্গা পরিদর্শনের জন্য আসার সময় রাস্তার দু’পাশে যত মহিলা ছিল, খালেদা জিয়া আসার সময় তত নেতাকর্মীও ছিল না। ’
লন্ডন থেকে খালেদা জিয়ার ফেরার দিন ঢাকায় বিমানবন্দরে লোক সমাগমের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনমাস পর লন্ডনের ব্লুপ্রিন্ট নিয়ে খালেদা জিয়া দেশে ফেরেন। ব্লুপ্রিন্ট বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে খালেদা জিয়া লক্ষ জনতার ঢল নামালেও সেক্ষেত্রে তিনি সাধারণ মানুষের মন জয় করতে পারেননি।
‘এয়ারপোর্ট থেকে ঢাকা মহানগর পুরো অচল করে দেওয়ার জন্যই তিনি এত নেতাকর্মী নামিয়েছিলেন। কিন্তু তাদের দলের মধ্যে শুধু মারামারি-হানাহানি। সেজন্য তারা সেটা সফল করতে পারেনি। ’
তিনি বলেন, বিএনপির থলের বিড়াল বের হয়ে গেছে। রাস্তায় এখন আর বিএনপির জন্য ঢল নামে না। খালেদা জিয়ার বের হবার কথা সকাল ৯টায় থাকলেও ঘুম থেকে উঠতে না পারায় তিনি ১২টার আগে বের হতে পারেন না।
‘অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোর ৫টায় ঘুম থেকে উঠেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সকাল ১০টার মধ্যে তিনি টেলিফোনে অর্ধেক কাজ শেষ করে ফেলেন। ’
আখতারুজ্জামান বাবুর স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, দেশে জাতীয় সমস্যা যখন আসত, তখন বাবু ভাই এগিয়ে আসতেন। দলের বিপদে-আপদে সবসময় বাবু ভাই সবার সামনে থাকতেন। জাতীয় নির্বাচন এলে অনেক প্রার্থীকে তিনি গোপনে টাকা দিতেন। কিন্তু কখনোই তিনি প্রকাশ করেননি।
এসময় ওবায়দুল কাদের উপস্থিত জনতার কাছে আগামী নির্বাচনে বাবুর সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীকে বলবেন কি না জানতে চান। জাবেদের নামে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে স্কুল ময়দান।
আনোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
