সিটিনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের বৈঠক চলছে।
সোমবার বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আরো উপস্থিত রয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ পাঁচজন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত রয়েছেন।
চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিদার আরো জানান, কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।
