সিটিনিউজবিডি : টেনিস কোর্টের লড়াই মানেই যেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ইভানোভিচ কিংবা ক্যারোলাইন ওজনিয়াকির মতো তারকাদের সমাগম। কিন্তু কি আশ্চর্য! সেই আনা ইভানোভিচের মতো অভিজ্ঞ তারকা কিনা শেষ অব্দি হেরে গেলেন বেলিন্ডা বেনকিকের কাছে।
অষ্টাদশী এই তরুণী ইভানোভিচকে ৬-৪, ৬-২ সরাসরি সেটে হারিয়ে রজার্স কাপ টেনিসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। কানাডার টরোন্টোতে চলমান এই আসরের সেমিতে বেনকিকের প্রতিপক্ষ এবার বিশ্বের নাম্বার ওয়ান প্রমীলা তারকা সেরেনা উইলিয়ামস। উন্নতির এই ক্রম ধারায় চলতি মৌসুমেই ইভানোভিচ ছাড়াও ক্যারোলাইন ওজনিয়াকি ও আগনিয়েস্কা রদওয়ানস্কাকে হারিয়েছেন বেনকিক।
এর মধ্যে ওজনিয়াকিকে হারিয়েছেন দু’বার। দু’বছর আগে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত বছরটা শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ের ১৮৬ নম্বরে থেকে, শেষ করেছিলেন ৩৩-এ। আর চলতি বছরের শুরুতে জিতেছিলেন উইম্যান্স টেনিস এ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) প্রথম শিরোপা। বর্তমানে রয়েছেন র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে।
টেনিস কোর্টে যে তারকাটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে টেনশনে পড়ে যান মারিয়া শারাপোভা, সেখানে বেনকিক কি করবেন? তিনি কি পারবেন শনিবার সেরেনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে? উত্তরে সুইজারল্যান্ডের এই তরুণী বলেছেন, ‘ ফল নয়; খেলার মতোই খেলা উপভোগ করতে চাই এবং শতভাগ ত্রুটিমুক্তভাবে খেলতে চাই। জেতা আর হারানো সেটা কোর্ট বলবে। তাই পুরোপুরি চাপমুক্ত থেকেই কোর্টে নামব।’
