সিটিনিউজবিডি : নতুন কোচের অধীনে নতুন মৌসুম, শুরুটা বেশ দুর্দান্তই হলো ডর্টমুন্ডের। বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে একরকম গোল উৎসব করেই জয় তুলে নিয়েছে টাকেলের দল।
শনিবার রাতে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড। দলের বড় জয়ে জোড়া গোল করেছেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মেখিতারিয়ান। এ ছাড়া গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং ও জার্মান উইঙ্গার মার্কো রিউস করেন একটি করে গোল।
ঘরের মাঠ সিগন্যাল-ইডুনা-পার্কে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ডর্টমুন্ড। ১৫ মিনিটে স্বাগতিকদের গোলের সূচনা করেন মার্কো রিউস। সতীর্থ সিনজি কাগাওয়ার পাস থেকে মনশেনগ্লাডবাখের জালে বল জড়ান জার্মান উইঙ্গার।
এরপর ২১ মিনিটে ডর্টমুন্ডের ব্যবধান দ্বিগুণ করেন এমেরিক অবামেয়াং। মার্সেল শুমেলজারের ক্রস থেকে হেডে গোলটি করেন এই গ্যাবনিজ স্ট্রাইকার। ৩৩ মিনিটে ওই এমেরিক অবামেয়াংয়ের সহায়তায় দলকে ৩-০ গোলে এগিয়ে দেন আর্মেনিয়ান মিডফিল্ডার মেখিতারিয়ান।
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-০ করেন মেখিতারিয়ান। বাকি সময়ে আর কোনো গোল না হলেও বড় জয় দিয়েই ঘরোয়া লিগে শুভ সূচনা করে ডর্টমুন্ড।
