রাঙামাটিতে ১৫দিন ব্যাপি নারীদের মার্শাল আর্ট ক্যাম্প
সাইফুল উদ্দীন, রাঙামাটি : ইউএনডিপির আয়োজনে ১৫দিন ব্যাপি রাঙামাটিতে নারীদের মার্শাল আর্ট ক্যাম্প শুরু হয়েছে। রোববার ১৯ নভেম্বর বিকালে রাঙামাটি কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ ক্যাম্প উদ্বোধন করেন পার্বত্য জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, রাঙামাটি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খন্দকার, প্রবীণ সাংবাদিক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, ইউএনডিপির জেন্ডার এন্ড কমিউনিটি চীফ ঝুমা দেওয়ান, এসআইডি সিএইচটির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা বর্তমানে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে তারা নেতৃত্ব দিচ্ছে। মার্শাল আর্ট নারীদের জন্যে অন্যতম বন্ধু। যে বন্ধু বিপদের সময় সহযোগিতা করবে। মার্শাল আর্ট শেখে নিজের জীবনে বিপদময় মুহুর্তে¦ কাজে লাগানোর জন্য বক্তারা প্রশিক্ষণার্থীদের আহ্বান করেন।
১৫দিন ব্যাপি মার্শাল আর্ট প্রশিক্ষণ ক্যাম্পে রাঙামাটির ৩০ জন নারী অংশগ্রহন করছে। আলোচনা সভার শেষে ফুরমন কেরাতে এসোসিয়েশনের শিক্ষার্থীদের পরিবেশনায় মার্শাল আর্ট দেখানো হয়।
