রংপুর সিটিতে এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী

0

সিটিনিউজ ডেস্ক:: দলীয় মনোনয়ন না পেয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এমএইচ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নাখোশ নেতারা।

আজ মঙ্গলবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন হোসেন মকবুল শাহারিয়ার আসিফ।

এদিন মনোনয়নপত্র দাখিল করেন জাপার মনোনীতি প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি মহানগর জাপার মহাসচিব। দলের নেতাকর্মীরা তার পক্ষে।

এদিকে, দলীয় প্রধানের সিদ্ধান্ত উপেক্ষা করে এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নাখোশ জাপা নেতারা। এমন কি নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

নেতারা মনে করছেন, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আসিফ তার মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। অন্যথায় তাকে দল থেকে বহিস্কার করা হতে পারে। নির্বাচনে তাকে প্রতিহত করা হবে।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাপার প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা পরিবর্তন ডট কমকে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে রসিক নির্বাচনে তিনি (আসিফ) মেয়র পদে নির্বাচন করতে পারেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে পার্টির চেয়ারম্যান তাকে দল থেকে বহিস্কার করবেন বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে জাপা মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, পার্টির চেয়ারম্যান যেখানে নিজের মনোনিত প্রার্থীকে বাছাই করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তার পক্ষে আমরা কাজ করব। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে আসিফ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন এটি কোনো ভাবে মেনে নেওয়া যায় না। আমরা রংপুর মহানগর পার্টি প্রতিহত করার চেষ্টা করব।

জাপা নেতা আব্দুর রাজ্জাক বলেন, পার্টির চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা রেখে আসিফকে নির্বাচন থেকে সরে আসা উচিত। তা না হলে পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রতিহত করতে সকলে এগিয়ে আসবে।

যুবসংহতি নেতা নাজিমুজ্জামান নাজিম বলেন, পার্টির চেয়ারম্যান যেখানে প্রার্থী দিয়েছেন তার পক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

তিনি বলেন, আসিফ প্রতিহিংসা হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এতে তার নিজের এবং দলের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। তাই এখনও সময় রয়েছে আমাদের কাতারে এসে চেয়ারম্যানের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

এরশাদ ভক্ত ৬নং ওয়ার্ডের গালামালের ব্যবসায়ী রাশেক সিকদার বলেন, এরশাদের ভাতিজা হোসেন আসিফ যে চিন্তা ভাবনা করে নির্বাচন করতে যাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। দলের সিদ্ধান্তের বাইরে তার যাওয়া উচিত নয়; তাই তার নির্বাচন থেকে সরে আসা উচিত।

এরশাদ ভক্ত আরিফা বেগম মনে করেন দলের সিদ্ধান্তের বাইরে কারও যাওয়া উচিত নয়। এতে যেমন দল থেকে সে ছিটকে পড়বে তেমনি চিরতরে হারিয়ে যাবে মানুষের মন থেকে।

প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.