চকরিয়া প্রতিনিধি,সিটিনিউজ :: চকরিয়ায় অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির ঘটনায় জড়িত গোলনাগার প্রকাশ পুতু (৫০) নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে গরু সহ ওই মহিলাকে আটক করেছে থানা পুলিশ। আটক মহিলা স্থানীয় মো.মনজুর আলমের স্ত্রী।
সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার পাশ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবনেরর লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার মুহাম্মদ আলী সিকদারের পুত্র মুহাম্মদ আলমগীরের বসত বাড়ির গোয়ালঘর থেকে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত্রে বিদেশী জাতের তিনটি হালকা লাল রংয়ের গরুরু চুরির ঘটনা ঘটে।
পরদিন গরুর মালিক মুহাম্মদ আলমগীর বাদী হয়ে অজ্ঞাতনামা দেখিয়ে লামা থানা অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী গরুর মালিক সোমবার বিকালে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এসে চুরি হওয়া তিনটি গরুর মধ্যে দুটি গরুর সন্ধান পেয়ে চকরিয়া থানা পুলিশকে খবর দেয়।
ওইদিন বিকালে চকরিয়া থানার উপপরিদর্শক(এস আই) আবদুল খালেক ও এস আই অপু বড়ুয়ার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে চোরাইকৃত দুটি গরু সহ জড়িত থাকার অভিযোগে এক মহিলা ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ চোরাইকৃত দুটি গরুসহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গরুর মালিক থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
