২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তর সিটির নির্বাচন

0

সিটিনিউজ ডেস্ক:: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইসি সূত্রে এ তথ্য জানা যায়।সোমবার এ সিটি করপোরেশনকে শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘গতকালই ঢাকা উত্তর সিটি মেয়রের পদটি শূন্য ঘোষণা হয়েছে।’

গতকালের (রোববার) তারিখে আজ (সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন), আইন, ২০০৯ এর ধারা ১৫ (ঙ) মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করা হল।

এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারি সচিব মো. রাজীব আহসান বলেন, ‘নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনী বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১ তারিখ থেকে ডিএনসিসিকে শূন্য ঘোষণা করা হলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই সিটিতে নির্বাচক করতে হবে।’

সোমবার পর্যন্ত এই সিটি শূন্য হওয়ার প্রজ্ঞাপনের কপি কমিশনে পৌঁছায়নি বলে ইসি সূত্রে জানা যায়।

প্রজ্ঞাপনের কপি হাতে পাওয়ার পর কমিশন এই সিটিতে নির্বাচন করার প্রস্তুতি নেবে বলে জানান ইসি কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.