সাইফুল উদ্দীন, রাঙামাটি:: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মঙ্গলবার সকালে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম অনাধি রঞ্জন চাকমা (৫৫)। সে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থক বলে দাবি করেছে সংগঠনটি। তারা এই ঘটনার জন্য নবগঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ি করেছে, তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) অভিযোগ অস্বীকার করেছে।
ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা জানিয়েছেন, শনিবার সকাল পৌনে দশটার দিকে নানিয়ারচর সতের মাইল ও আঠারো মাইল এর মধ্যবর্তী চিরঞ্জীব দোজরপাড়া এলাকার নিজ বাসা থেকে ডেকে বের করে গুলি করে হত্যা করে পালিয়ে যায় নবগঠিত ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর কয়েকজন ক্যাডার।
তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা জানিয়েছেন, সকালে আমাদের দলে যোগ দিতে আসার পথেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকান্ডের জন্য ইউপিডিএফকে দায়ি করেছেন।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল লতিফ জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি এবং অনাধি রজ্ঞন চাকমা নামের একজনকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। সেখানে আমাদের ফোর্স যাচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
