সিটিনিউজ ডেস্ক:: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দ্বিতীয়দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে।
এরআগে সোমবার প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আবদুল হাই বাচ্চুকে।দুদক কার্যালয়ে প্রবেশের সময় সেদিন নিজেকে নির্দোষ দাবি করেছিলেন বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৫৩ শতাংশ (৭ হাজার ৩৯০ কোটি টাকা), যা যেকোনো ব্যাংকের খেলাপি ঋণের হারের চেয়ে বেশি। আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন বেসিক ব্যাংকের পর্ষদ ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত ১১ মাসে বিভিন্ন ‘অনিয়ম’-এর মাধ্যমে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা বিভিন্নজনকে ঋণ দেয়া হয়।
ওই ঘটনায় ২০১৫ সালের শেষ দিকে রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় বেসিক ব্যাংকের ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮১ ঋণ গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তবে কোনো মামলাতেই আবদুল হাই বাচ্চুকে আসামি করা হয়নি।
এ বিভাগের আরও খবর
