সাইফুল উদ্দীন, রাঙামাটি:: রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটি জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে রাঙামাটি থেকে কোনো প্রকার যানবাহন ছেড়ে যাইনি। অভ্যন্তরীন নৌ-রুটেও উপজেলাগুলোর উদ্দেশ্যে কোনো প্রকার লঞ্চ-বোট ছেড়ে যায়নি। শহর অভ্যন্তরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
এখনো পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার রাতে জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমাকে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মার্মার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা যুবলীগ এই হরতালের ডাক দেয়। হত্যাকান্ড ও হামলার জন্য জেলা আওয়ামীলীগ আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করেছে।
