সিটিনিউজ ডেস্ক:: বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিরাপদ ও টেকসই অভিবাসন সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রবিবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, চলতি বছরে প্রায় ১০ লাখের অধিক কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যা বাংলাদেশে অভিবাসন খাতের এযাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক। এর মধ্যে এ বছর পর্যন্ত বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৭৩ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে ১ লাখ ১৮ হাজার মহিলা কর্মীর কর্মসংস্থান হয়েছে-যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, অভিবাসী দিবসটিতে প্রতিটি জেলায় র্যালী, আলোচনা সভার পাশাপাশি সচেতনতা সৃষ্টিমূলক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ এ সকল অনুষ্ঠান আয়োজন করবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে দিনটিতে বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা হচ্ছে।
এছাড়াও টিভি স্ক্রলে এবং এসএমএস-এর মাধ্যমে দেশবাসীকে দিবসটি সম্পর্কে জানানো হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসহ ক্রোড়পত্র প্রকাশ, টিভিতে টকশো এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবসটি পালিত হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে এতে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম বিশেষ অতিথি হিসেবে এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী নুরুল ইসলাম আন্তর্জাতিক অভিবাসী দিবসটিকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিছু সুর্নিদিষ্ট ইতিবাচক পদক্ষেপের কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলাহাস,বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, অভিবাসন বিষয়ক এনজিওর কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
