ক্লার্কের শেষ টেস্ট যাত্রা

0

সিটিনিউজবিডি :  টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটের দাপটে বলতে গেলে টেস্ট ক্রিকেট কোণঠাসা। টেস্ট ক্রিকেটের যে বড্ড অসময় চলছে। আর এমন সময়ে শ্রীলঙ্কায় ঘরের মাঠে বিদায় নিচ্ছেন কুমার সাঙ্গাকারা। আর ইংল্যান্ডের ওভালে আরেক তারকা টেস্ট ক্রিকেটার মাইকেল ক্লার্ক শেষ টেস্ট খেলতে মাঠে নামছেন। বৃহস্পতিবার টেস্ট ক্যারিয়ারের শেষ যাত্রায় মাঠে নামছেন দুই গ্রেট ক্রিকেটার।

ক্লার্কের সঙ্গে শেষ যাত্রায় সামিল হয়েছেন ক্রিস রজার্স। বিদায় বেলায় সাঙ্গাকারাকে নিয়ে কতো মাতামাতি। কতো প্রশংসা আর বন্দনা। ঠিক বিপরীত চিত্র ক্লার্কের বেলায়। তিনি বিদায়ের আগে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১।

আজ ক্লার্কের কতো সমালোচনা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তার অবদানটা কিন্তু কম নয়। টেস্টে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।দেশ ও দেশের বাইরে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র অস্ট্রেলিয়ানও তিনি। সর্বশেষ ঘরের মাঠে অ্যাশেজে তার যোগ্য নেতৃত্বেই ৫-০ ব্যবধানে জয় পেয়েছে অসিরা। এইসব অর্জন যেন ধুলোয় মিশে গেছে এক অ্যাশেজ সিরিজ হারের কারণে।

৫ ম্যাচ সিরিজে ইতিমধ্যে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। তাই অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটারদের কাছে শেষ টেস্টটি মর্যাদা রক্ষার হলেও ক্লার্কের কাছে আবেগের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য ক্লার্ক আবেগ লুকিয়ে টেস্টটি জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। লড়াই করার আভাস দিয়েছেন। শেষ টেস্টটি জয়ের মধ্য দিয়েই বিদায় নিবেন ক্লার্ক, এমনটাই প্রত্যাশা সবার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.