সিটিনিউজবিডি : এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওরা এশিয়ার এক নম্বর দল । তাদের বিপক্ষে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের ফল কী হবে তা কিছুটা হলেও অনুমেয়। এক দিন আগে সকারুরা নিজেদের দল ঘোষণা করেছে। টিম কাহিলদের নিয়ে ঘোষিত দলে বেশিরভাগই ইউরোপে খেলছে।
আর বাংলাদেশ ঘোষণা করল কাল। ২৩ সদস্যের দলটি শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে না, পার্থে যাওয়ার আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও অংশ নেবে।
ঘোষিত দলে সাতটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মিডফিল্ডার শাহেদুল, দুই স্ট্রাইকার সজীব ও ওয়াহেদ, গোলরক্ষক হিমেল এবং ডিফেন্ডার কেস্ট কুমার, জার্মান প্রবাসী রিয়াসাত খাতন ও তৌহিদুল আলম সবুজ। প্রথমজন ইনজুরির কারণে দলে জায়গা পাননি। পরের দিকে যারা আছেন, তাদের পারফরম্যান্সের কারণে পার্থে যাওয়া হচ্ছে না। তাদের জায়গায় আবারও জাতীয় দলে ঢুকেছেন উইঙ্গার জাহিদ হোসেন, ডিফেন্ডার মিশু, মিডফিল্ডার ইমন বাবু, তকলিস ও গোলরক্ষক সোহেল।
ডাচ কোচ ডি ক্রুইফ নিজ দেশে ছিলেন। ঢাকায় এসেছেন যখন লিগের সবকিছুই নির্ধারণ হয়ে গেছে। এমন দল নিয়ে ডাচ কোচ ডি ক্রুইফ অবশ্য বলেছেন, ‘আমার কাছে যা রসদ আছে তাই নিয়েই দল গঠন হয়েছে। তোমাদের কাছে এরচেয়ে ভালো খেলোয়াড় থাকলে আনতে পার। আমি ঢাকায় বসে লিগ দেখতে পারিনি। তবে সহকারী যারা আছেন তারা দেখেছেন। সবকিছু পর্যালোচনা করেই দল গঠন হয়েছে।’
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিয়ে তার কথা, ‘ওরা এশিয়ার এক নম্বর দল। ওদের নিয়ে কী বলার আছে। দুই দিন আগে দল ঘোষিত হয়েছে। দেখলাম টিম কাহিলরা আছে। প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করে কী হবে। তারা কেমন দল সবাই জানে। আমরা খেলার মধ্যেই আছি। লিগ খেলেছে সবাই। নিজেদের সামর্থ্য দিয়ে যতদূর পারা যায় লড়তে হবে।’
আজ শেখ জামাল-আবাহনী ম্যাচ দিয়ে মান্যবর প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে। আগামীকাল বেলা সাড়ে ৩টায় বাফুফে ভবনে ম্যানেজারের কাছে রিপোর্ট করতে হবে। অর্থাত্ ঢাকা ছাড়ার আগে তিন দিনের বেশি অনুশীলনের সুযোগ থাকছে না। আর এই রসদ নিয়ে এশিয়ান শক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ!
বাংলাদেশ দল : মামুনুল, সোহেল, রায়হান, নাসিরউদ্দীন, ইয়াসিন, ইয়ামিন, লিঙ্কন, হেমন্ত, জামাল, সোহেল রানা, মোনায়েম রাজু, তকলিস, লিটন, তপু, জাহিদ হোসেন, এমিলি, মিশু, জুয়েল রানা, আশরাফুল রানা, নাসিরুল, ইমন বাবু, কোমল ও এনামুল।
