ঢাকা অফিস: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম কমল।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এ দেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন।
৭৫ সালে সিপাহি-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন হন। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।
জন্মবার্ষিকীর কর্মসূচি : বিগত বছরগুলো এর ধারাবাহিকতায় ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির উদ্যোগে শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়া জন্মদিন উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি পালন করবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবারো ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এক বাণীতে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
