শিগগিরই বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

0

খেলাধুলা : ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। আজ বুধবার (৪ জানুয়ারী) এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

নিরাপত্তা শঙ্কার অজুহাত দেখিয়ে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অফিসিয়ালি স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সব ঠিক থাকলে এ বছরের শেষদিকে দু’টি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর অনেকটাই নিশ্চিত।

অস্ট্রেলিয়ার এবিসি রেডিওতে দেয়া এক সাক্ষাতকারে ২০১৭ সালে অজিদের বাংলাদেশ সফরের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন সাদারল্যান্ড। জবাবে ইতিবাচক প্রতিক্রিয়াই দেখান তিনি। সিএ প্রধান বলেন, ‘আমি মনে করি তারা বেশ উচ্চ অবস্থানে রয়েছে। গত বছরের শেষে ইংল্যান্ড দলের বাংলাদেশ ট্যুর দেখেছি। নিশ্চিতভাবেই গোটা টিমকে ঘিরে খুবই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমরা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই আমাদের নিরাপত্তা প্রধান সিন ক্যারলকে পাঠিয়েছিলাম। সেখানকার সিস্টেম ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়ার স্বার্থে এটা করা হয়েছিল।

সাদারল্যান্ড আরো বলেন, ‘বর্তমানে এবং পরবর্তী সময়ে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। সেখানে খেলার জন্য সবকিছু বিবেচনায় নিয়ে কাজ করবো এবং সেই অনুযায়ী পরিকল্পনা শুরু করেছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় আমরা নিশ্চিতভাবেই একটা স্বস্তির জায়গায় রয়েছি। এ মুহূর্তে অনুমান করে বলছি, আমরা সেখানে দু’টি টেস্ট খেলতে পারি।’

২০০৬ সালের পর থেকে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের বিপক্ষে আরো কোনো টেস্ট সিরিজ খেলেনি অজিরা। সবশেষ তারা ২০১১ সালের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল। তবে আসন্ন এ সফরের জন্য এখনো কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন সাদারল্যান্ড। তবে সম্ভাব্য সময় আগস্ট বা সেপ্টেম্বর বলেও উল্লেখ করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.