নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত বিভিন্ন স্থাপনা ও প্লান্ট নির্মাণসহ প্রকল্প কাজের শতকরা ১৮ ভাগ সম্পন্ন হয়েছে।
প্রকল্প এলাকায় অনুষ্ঠিত মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় আজ এ তথ্য জানানো হয়। সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভায় সভা সভাপতিত্ব করেন।সভায় কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ চৌধুরী, চায়না কোম্পানীর পক্ষে প্রস্তাবিত প্রকল্প পরিচালক লি জেং কনসালটেন্ট গ্যাভিন স্ট্রিড প্রকল্পের কার্যক্রম, বর্তমান অবস্থা তুলে ধরেন।
সিনিয়র সচিব বলেন, কর্ণফুলী টানেল সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। যথাযথ মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্প কাজ সম্পন্ন করতে হবে। তিনি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আরো পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন। কর্ণফুলী টানেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, নির্মাতা চায়না কোম্পানীর ঢাকাস্থ ম্যানেজার পেং মিং কনসালটেন্ট ডেভিড কার্ন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মমিনুর রশিদসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। পরে সিনিয়র সচিব প্রকল্প এলাকা পরির্দশন করেন।
