বিনোদন জগৎ :: ‘গত তিন বছর ধরে ঈদুল আযহায় আমি কোরবানির একটা ভাগ চেশায়ার হোমে থাকা প্রতিবন্ধী বিশেষ মানুষদের জন্য দিচ্ছি।‘ এমনটিই বলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।
রাজধানীর উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ নামে একটি বাড়ি আছে। অবসরে চেশায়ার হোমে সময় কাটে সুজানার। প্রতি জন্মদিনে তাঁদের নিয়ে কেক কাটেন তিনি।
এবার ঈদুল আযহা উপলক্ষে চেশায়ার হোমে থাকা সব বিশেষ মানুষদের জন্য খাসি কোরবানি দিয়েছেন সুজানা। এ ছাড়া কোরবানির গরুর একটা ভাগ তাঁদের নামে দিয়েছেন বলে জানান তিনি।
আজ বিকেলে কোরবানির মাংস নিয়ে চেশায়ার হোমে যাবেন সুজানা। তাঁদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটানোর ইচ্ছে রয়েছে তাঁর।
সুজানা বলেন, ‘কোরবানির খাসি গতকাল চেশায়ার হোমে আমি দিয়ে এসেছি। খাসি সেখানেই কোরবানি দেওয়া হয়েছে। আমার বাসায় যে গরু কোরবানি দিয়েছি, সেটার একটা ভাগ তাঁদের নামে দেওয়া। সেই মাংসগুলো তাঁদের জন্য নিয়ে যাব বিকেলে।’
সুজানা আরো জানান, চেশায়ার হোমে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে তাঁর ভালো লাগে। এটাও তাঁর একটা পরিবার।
