আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলশিতে যুবক খুন

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকায় এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

নিহত হৃদয় হোসেন ওরফে শুক্কুর (২২) খুলশী থানার ঝাউতলা এলাকায় আবুল খায়েরের ছেলে।

স্থানীয়রা বলছে, চাঁদাবাজির বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় শুক্রবার রাতে ভবন নির্মাণের সামগ্রী নিয়ে একটি ট্রাক আসে। সেই ট্রাক থেকে কে চাঁদা নেবে, তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন  বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

“এতে মোট ৮ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে শুক্কুর সকালে মারা যান। লাঠির আঘাতে শুক্কুর গুরুতর আহত হয়েছিলেন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, সকাল পৌনে ৮টার দিকে শুক্কুর মারা যায়।

ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, আহত দুই পক্ষের সাতজন চমেকে চিকিৎসা নিচ্ছে। সেখানে পুলিশ প্রহরা আছে। এখনো কোনো মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.