আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন।
ঝাবুয়া জেলার একটি খাবারের দোকানে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিস্ফোরণে একতলা ভবনটির ছাদ ধসে পড়ে। ধ্বংস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস্তূপ সরানোর পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওই বিস্ফোরণে পার্শ্ববর্তী ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে দ্রুত শীর্ষ পুলিশ কর্মকর্তারা পৌঁছেছেন। প্রাদেশিক আদিবাসী কল্যাণমন্ত্রী অন্তর সিং আরিয়ার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
