সিটি নিউজ,চট্টগ্রাম : নার্সরা জীবন ও বিশ্বকে জয় করেন বলে মন্তব্য করেছেন ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড’ (আইএইচএল) এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেছেন, নার্স বা সেবিকা শব্দটি হাসপাতাল, চিকিৎসক ইত্যাদি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নার্সরাই রোগীদের বড় আপনজন। সেবিকাদের পরণের পোশাকটি যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও তারা সাদা মনের অধিকারী।
রোববার ৫ মে সকাল ১১ টায় চট্টগ্রামের পাহাড়তলী সাড়ে আটশ কোটি টাকা ব্যায়ে বিশ্বমানের আধুনিক চিকিৎসা সুবিধার সমন্বয়ে সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন ৩৫০ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালে বিশ্ব নার্স দিবস-২০১৯ এর আলোচনা সভায় সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন খুব শীঘ্রই হাসপাতালের চিকিৎসা সেবা চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সার্বিক চিকিৎসার মান উন্নয়নে ইম্পেরিয়াল হাসপাতাল প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান তৈরির লক্ষ্যে আবাসন সুবিধাসহ একটি নার্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে শুধু সিংগাপুর কিংবা থাইল্যান্ডের হাসপাতালের মত মানই নয়, ইউরোপীয় স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছে।
নার্সিং পেশা অনেক বড় মহৎ পেশা উল্লেখ করে উপমহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, নার্সিং অন্য যে কোনো পেশার চেয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী। অসুস্থ মানুষকে মন থেকে সেবা দিতে পারলে অবশ্যই রোগী এবং তার আত্মীয়স্বজন সন্তুষ্ট হন। মনে রাখতে হবে, রোগীকে সেবা দেয়ার বিষয়টি সেবিকার ভেতর থেকে আসতে হবে। তাহলেই প্রকৃত সেবা প্রদান করা সম্ভব। এ অভ্যন্তরীণ অনুভূতি জাগ্রত করার জন্য সব সময় শিক্ষার পাশাপাশি মনোবিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রয়োজনও অনস্বীকার্য।
একজন সেবিকার কাজ প্রতিদিনের প্রার্থনার মতো। এখানে নিবিষ্ট মনে এবং সন্তুষ্টচিত্তে রোগীর সেবার দিকটিকে প্রাধান্য দেয়ার কোনো বিকল্প নেই। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের কথা উল্লেখ করে চিটাগাং আই ইনফারমারি এন্ড ট্রেনিং কমপ্লেক্স (সিইআইটিসি) ম্যানেজিং ট্রাস্ট্রি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, তিনি তাঁর (ফ্লোরেন্স নাইটিংগেল) চোখের ঘুম, মুখের গ্রাস উৎসর্গ করেছিলেন রুগ্ন ও অসহায় মানুষের জন্য। পৃথিবীর ইতিহাসে যত মহীয়সী নারী রয়েছেন, তাঁদের একজন হচ্ছেন ফ্লোরেন্স নাইটিংগেল। তাকে ‘লেডি উইথ ল্যাম্প’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
অধ্যাপক ডা. রবিউল হোসেন দৈনন্দিন সেবাপ্রদানের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক অন্যান্য হাসপাতালগুলির সাথে প্রযুক্তি ও চিকিৎসার সমন্বয় ও আদানপ্রদানের মাধ্যমে উ”চতর চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানান। তিনি বলেন, এখানে নার্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অস্ব”ছল রোগীদের জন্য হাসপাতালের ১০ শতাংশ চিকিৎসা সুবিধা, আধুনিক লাইফ সাপোর্ট চিকিৎসা সম্বলিত এ্যাম্বুলেন্স ব্যবস্থা, সঙ্কটাপন্ন এলাকা থেকে রোগীদের আনতে হেলিপেড সেবা রয়েছে। একই সাথে দূরবর্তী রোগীদের দর্শনার্থীদের থাকার সুবিধার জন্য হাসপাতাল ক্যাম্পাসেই সীমিত আবাসন সুযোগ রয়েছে।
সভায় শত শত নার্স মোমবাতি প্রজ্বলন করে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সাথে নার্সরা জ্বলন্ত মোম হাতে নিয়ে সর্বোত্তম সেবা দেয়ার অঙ্গীকার করেন। নার্সদের এমন অঙ্গিকার করান হাসপাতালের এক্টিং সি.এন.ও উমা সুত্রধর।
সভায় নার্স দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন, হাসপাতালের কমিশনিং কনসালটেন্ট এড লি হ্যানসেন, হাসপাতালের পরিচালক (স্ট্রাটেজিক কোয়ালিটি এম.জি.টি) রিয়াজ হোসেন, হাসপাতালের ম্যানেজার (পি.আর.পি) এস.এ.সালাম, হাসপাতালের নার্সিং এডুকেশন ম্যানেজার অধ্যাপক ডা. আনিসুর রহমান ফরাজী। এর আগে সকালে দিবসটি উপলক্ষে হাসপাতালে এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। বলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন আইএইচএল এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। তবে ১২ মে পবিত্র মাহে রমজান মাস হওয়ায় ৬ দিন আগে ‘স্বল্পমূল্যে সর্বোত্তম সেবা’ এই প্রতিপাদ্য নিয়ে পালন করা হয়েছে বিশ্ব নার্স দিবস।
