সুবীর নন্দী আর গাইবেন না ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’
সিটি নিউজ ডেস্কঃ বরেণ্য কন্ঠ শিল্পী সুবীর নন্দী আর নেই। সুবীর নন্দীর কন্ঠে আর গাওয়া হবে না ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, একটা ছিল সোনার কইন্যা’, ‘ আমার উড়াল পঙ্খীরে’ মানুষের হৃদয় গাঁথা এ গান গুলো।
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী (৬৫) আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়েছে। সোমবার দিনগত রাত ৪টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত সুবীর নন্দীর কন্যা ফালগুনী নন্দীর স্বামী ডা. রাজেশ সিকদার।
দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগতে থাকা সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টও দেওয়া হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুরে নেওয়ার পর একাধিকবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিলেন নন্দিত এ শিল্পী।
সংগীতের সব অঙ্গনে মায়া ছড়ানো এই শিল্পী প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে গান গেয়েছেন আড়াই হাজারেরও বেশি। চলচ্চিত্রে প্লেব্যাক করে সুবীর নন্দী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলা সংগীতাঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ভূষিত হন একুশে পদকেও।
জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীর লাশ সিঙ্গাপুর থেকে দেশে আসছে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে।
পরিবারের পক্ষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে আগামীকাল সকালে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।
এরপর বিমানবন্দর থেকে তার মরদেহ ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে আনা হবে। সেখান থেকে বেলা ১১টায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।
এরপর মরদেহ নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
