বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে নৌকা দিয়ে লাশ পারাপারের মতো ঘটনা ঘটেছে। গত শনিবার ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরলিয়াঘোনার আলি আকবরের ছেলে আজিজুর রহমানের লাশটি দাফনের জন্য খাসমতিয়া জামে মসজিদে তাদের স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়ার সময় ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বর্ষা মৌসুমে আরব শাহ্ বাজার সংযোগ পুইছড়ি রেজাউল পাশা সড়কের উপর দিয়ে নির্মিত কংক্রিটের কালভার্টটি ভেঙ্গে গেলে আর সংস্কার করা হয়নি। সরলিয়াঘোনা খালের উপর ব্রীজের বিকল্প হিসেবে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো।
দীর্ঘ দুই কিলোমিটারের দূরত্বের সড়কে বন্ধ হয়ে যায় সাধারাণ যানবাহন চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার করছে পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা ও মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারী। লবণ পরিবহনের সুবিধার জন্য কতিপয় লবন ব্যবসায়ী নৌকা নিয়ে এই ছিপ কালভার্ট সেতুটির নিচ দিয়ে যেতে না পারায় কংক্রিটের
কালভার্টই সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানায়।এই ব্যাপারে পুইছড়ি ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বৃষ্টি কমে গেলে নতুন করে কালভার্টটি নতুন করে তৈরি করা হবে।
