সিটি নিউজঃ সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন, বাস্তবমুখি বিভিন্ন উন্নয়নের মাধ্যমে নগরীকে আধুনিক শহর গড়ার জন্য নৌকায় ভোট দেয়ার আহবান জানান চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, চান্দগাঁও, মোহরা, পশ্চিম ষোলশহর, পূর্ব ষোলশহর ওয়াজেদিয়াসহ নগরীর যেসব এলাকায় এখনো পুরোপুরি শহরের উন্নয়ন বঞ্চিত ওই এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। মানুষের আর্থ সামাজিক উন্নয়নসহ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ মিল কারখানা চালুর ব্যবস্থা করা হবে।
শহরে সাথে বোয়ালখালীর সংযোগস্থল কালুরঘাট সেতুর কাজ দৃশ্যমান করার অঙ্গীকার করে তিনি বলেন, কালুরঘাট সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে চট্টগ্রামকে টু-ইন সিটির আদলে সাজানো হবে।
তিনি আজ (৮ জানুয়ারি) চান্দগাঁও ৪নং ওয়ার্ড থেকে কালুরঘাট পর্যন্ত গণসংযোগকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, এই উপ-নির্বাচনে নৌকার পক্ষে যে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস। নৌকা বিজয় মানে জনগনের কল্যাণ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের মর্যাদা বৃদ্ধি।
এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আমার দৃঢ় বিশ্বাস এলাকার উন্নয়নে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবেন। এই নির্বাচন আপনাদের-আমাদের জন্য অগ্নি পরীক্ষা। এই নির্বাচনের জয়-পরাজয়ের উপর নির্ভর করছে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি।
সরকারের সাথে সম্পর্কিত একজনকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন তাহলে এলাকার উন্নয়ন আরো বহুগুণ বৃদ্ধি পাবে, দ্রুত এলাকা ও এলাকার মানুষের সমস্যা সমাধান হবে। নৌকায় ভোট দিয়ে পশ্চাতে পড়ে থাকা ওয়ার্ড সমূহকে উন্নত-সমৃদ্ধ করার সুযোগ দিন।
বিএনপি’র প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্গন করেছেন উল্লেখ করে তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভিত্তিহীন অভিযোগ করছে বিএনপি। মূলত: বিএনপি’র প্রার্থী আচরণবিধি লঙ্গন করেছে। বোয়ালখালী পৌরসভার মেয়রকে সাথে নিয়ে প্রকাশ্যে গণ-সংযোগ করছেন তিনি। তিনি নৌকার পক্ষের নির্বাচন আচরণবিধি মেনে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড: ইফতেখার সাইমুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর জোবাইদা নার্গিস খান, সাবেক ছাত্রনেতা কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক আইয়ুব খান, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
