চান্দগাঁওতে নতুন নামে ফলক লাগানোর প্রতিবাদে মানববন্ধন 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি করপোরেশন আওতাধীন চান্দগাঁও ৪ নং ওয়ার্ডে ডোমখালী খালের উপর নির্মিত আনার উল্লাহ শাহজী সেতু নির্মাণে অর্থ বরাদ্দ ও উদ্বোধন করেছিলেন সাবেক মন্ত্রী নগর আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল ইসলাম বি.এসসি। সম্প্রতি সাবেক মন্ত্রীর নাম বাদ দিয়ে নতুন নাম ফলক লাগানোর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী পুরাতন চান্দগাঁও এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেন।

আজ বৃহস্পতিবার সকালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। কর্মসূচীতে প্রতিবাদ জানাতে আসা বিভিন্ন পেশার মানুষ বক্তব্যে বলেন- চান্দগাঁও এলাকার উন্নয়নে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অবদান ভুলবার মতো নয়। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে চান্দগাঁওসহ চট্টগ্রামব্যাপী প্রায় ২৯টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেন।

শুধু চান্দগাঁও এলাকা থেকেই প্রতিবছর হাজারো ছেলেমেয়ে উন্নত শিক্ষার সুযোগ পাচ্ছে। গরীবের জন্য ভ্রাম্যমাণ স্কুল, আমাদের সন্তানদের মেধা বিকাশে ক্রীড়া স্কুলও প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে বেসরকারিভাবে দেশের প্রথম স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে এই পরিবার। বিগত দিনে চান্দগাঁও এলাকায় যেসব উন্নয়ন প্রকল্প বরাদ্দ হয়েছে, এতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নুরুল ইসলাম বিএসসি। তিনি সারাজীবন নিজের কষ্টার্জিত অর্থ সম্পদও মানুষের কল্যাণে ব্যয় করেন।

এলাকাবাসীর মানব বন্ধন
এলাকাবাসীর মানব বন্ধন

আজ আমরা এলাকাবাসী অত্যন্ত লজ্জিত। বহুল প্রত্যাশিত চান্দগাঁও ডোমখালী সেতুর নাম ফলক থেকে নুরুল ইসলাম বিএসসির নাম বাদ দিয়ে নতুন ফলক লাগানো হয়! রাতের আধারে যে জঘন্য কাজ করেছে ওয়ার্ড কাউন্সিলর, এতে ঘৃণা ও প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে জনতা। বক্তারা আরো বলেন, চান্দগাঁও ওয়ার্ডের উন্নয়নে বিগত পাঁচ বছরে প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ হয়েছে। এজন্য আমরা সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের প্রতি কৃতজ্ঞ।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ওয়ার্ড কাউন্সিলরের অনিয়ম ও দুর্নীতির কারণে বিশাল বরাদ্দের সুফল থেকে বঞ্চিত হয়েছে এখানকার বাসিন্দারা। আরাকান সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতার চরম দুর্ভোগে অতিষ্ঠ মানুষ। উন্নয়ন প্রকল্পের কাজ গুলো খুবই নিম্নমানের হয়েছে। ফলে ছয় মাসও ঠিকছে না রাস্তা, নালার ওয়াল ইত্যাদি। ঠিকাদার ও কাউন্সিলর যোগসাজশে অনিয়ম দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। দুর্নীতিবাজ কাউন্সিলরকে বয়কট করার সময় এখন। বিগত পাঁচ বছরে সম্পাদিত প্রত্যেক প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তে দুদকের হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।

বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন- চান্দগাঁও ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নাজমুল হক নজু, হাজী ইউসুফ সওদাগর, মোঃ জামাল উদ্দিন, নেজাম উদ্দিন, নাজমুল আলম খান, ফারুক ইসলাম, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন জাহেদ, মোজাম্মেল হক, মোহাম্মদ মনি, ইকবাল হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী, আবু তালেব সানি, আজগর আলী, জাবেদ হোসেন জিকু, সেন্টু বড়ুয়া, শুভ দাশ, জাকারিয়া তাহের সাফায়েত, শহীদুল ইসলাম রানা, কামাল উদ্দিন, হাবিবুর রহমান, কৌশিক বড়ুয়া, গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.