আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা রাজ্যে ভারি বৃষ্টিপাতের বন্যা সৃষ্টি হয়। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার ওই দেশের কর্মকর্তারা জানিয়েছে। বিগত ১ হাজার বছরের মধ্যে এ বছরই রেকর্ড পরিমান বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে।
দক্ষিণ ক্যারোলিনার গভর্ণর নিক্কি হালেই আকস্মিক এ বন্যাকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন তার রাজ্যে খারাপ আবহাওয়ার কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন এ সংখ্যা ১১ জন।
এছাড়া প্রতিবেশি উত্তর ক্যারোলিনায় দুই জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ক্যারোলিনায় ঝড়ের কারনে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার থেকেই আকস্মিক বন্যা শুরু হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অনেক স্থানে বিদ্যু সংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে রোববার গভর্ণর জানিয়েছিলেন, আকস্মিক এই বন্যার ঘটনা রেকর্ড ছাড়িয়েছে। কেননা বিগত ১ হাজার বছরে এমন বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা তার এলাকার বাসিন্দারা এর আগে দেখেনি। তবে তিনি জানিয়েছেন, বাসিন্দাদেরকে ভয় পেলে চলবে না। কারন কর্তৃপক্ষ বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদেরকে সরিয়ে নিয়েছে এবং সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লোকজনকে কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিয়ম কানুন অনসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘প্রচুর মানুষের যে ক্ষতি হয়েছে তা সত্যিই হৃদয়বিদারক। কিন্তু এটা এমন নয় যে আমরা আবার পুণরায় নির্মান করতে পারব না। আমাদের সাহস নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’
রাজ্যটিতে কেন্দ্রিয় সহায়তা সহজলভ্য করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বন্যার পর সোমবার একটি দুর্যোগ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
