নগরীতে রোহিঙ্গা দম্পতির ইয়াবা বাজার, কোটি টাকাসহ দম্পতিকে আটক করেছে র্যাব
সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় রোহিঙ্গা দম্পতির ইয়াবা বাজারে অভিযান চালিয়েছে র্যাব-৭। র্যাব মাদক বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৫ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র্যাব।
আজ সোমবার (৯ অক্টোবর) সকালে র্যাব গণমাধ্যমকে জানায় রবিবার (৮ নভেম্বর) দুপুরে চান্দগাঁও আবাসিকের এলাকার ব্লক-বি এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, র্যাব-৭ এর একটি টিম গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি এর একটি বাসায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিত্তে র্যাব-৭ এর একটি আভিযানিক দল রবিবার উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামি শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মােরজিনাকে (২৮) আটক করে। পরে তাদের বাসা তল্লাশি করে ৫ হাজার তিনশ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওই রোহিঙ্গা দম্পত্তি জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে দিচ্ছিলো। পরে তাদের আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা দম্পতি জানায়, তারা মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল।
আটক আসামিদের চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব।
