বাকলিয়ায় আ.লীগ কাউন্সিলর প্রার্থীর স্ত্রীর উপর হামলা, গ্রেফতার ১
সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার উপর হামলা এবং আলম মিয়ার মিষ্টি কুমড়ার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়ে নৌকা ও মিষ্টি কুমড়ার পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তাসহ ২ জন আহত হয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে শান্তার নেতৃত্বে নির্বাচনী প্রচারণার জন্য বের হলে তাদের উপর হামলা চালানো হয়।
কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া জানান, আজ বিকেলে আমার স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামলে তাদের উপর বিএনপির মনোনীয়ত কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে ১৫/২০ মহিলা ও ৮/১০ জন পুরুষ সমর্থকসহ হামলা ও নির্বাচনী অফিসে ভাংচুর চালায়।
হামলায় নৌকা সমর্থিত প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা (৩৫) ও তার ভাইয়ের স্ত্রী ইসরাত জাহান (৩৩) আহত হয় বলে জানা গেছে।
বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হামলায় জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিটি নিউজ/ডিটি
