দরবারে বারীয়া শরীফে ঈদে মিলাদুন্নবী (স.) ও শাহজী (র.) বার্ষিক ওরছ মাহফিল
সিটি নিউজঃ চট্টগ্রাম চান্দগাঁওস্থ বারীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহজী (র.) বার্ষিক ওরছ মাহফিল ৩ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা শাহ্ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। উক্ত মাহফিলে দেশবরেণ্য খ্যাতনামা বহু ওলামায়ে কেরাম, দরবার শরীফের অসংখ্য ভক্ত-মুরীদানগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দেজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃতমুসলমানের আদর্শ। যা আল্লাহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। অতিথি আলেমগণ বলেন, আউলিয়ায়ে কেরামগণ নবীজির পথে আজীবন কাজ করে থাকেন। মানুষ দুনিয়ায় সত্য কথা বলবে, আমানত রক্ষা করবে, ওয়াদা পালন করবে। শুধু নিজে এগুলো মেনে চললে হবে না, বরং অপরকেও এই সৎ কার্যাবলি পালন করার জন্য উপদেশ প্রদান করবে। হযরত শাহজী বারী (রহ.) আজীবন সে পথেই মানুষকে আহ্বান করেছেন।
সম্মানিত বক্তাগণ বলেন, সাম্য, মৈত্রী, শান্তি, ক্ষমা, ঔদার্য, ন্যায়নীতি ও মানবপ্রেমের অগ্রদূত মহানবী (দ.) এর পবিত্র জীবনচরিত মাবতার ইতিহাসে তুলনাহীন এক দৃষ্টান্ত। আজকের সমাজে বিদ্যমান হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি থেকে মুক্তির জন্য রাসুল (দ.) জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য, এবং আমাদেরকে সেদিকেই নজর দিতে হবে। মানবসমাজে লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিতে বসবাস করার জন্য যেসব সৎ গুণ থাকা একান্ত প্রয়োজন, তম্মধ্যে নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা অন্যতম, এর কোন বিকল্প নেই।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্বমহামারী করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে আখেরী মুনাজত পরিচালনা করেন, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ ছুফি সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। পরে তবারুক পরিবেশিত হয়।
সিটি নিউজ/ডিটি
