আন্তর্জাতিক ডেস্ক : ২২৪ আরোহীসহ রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় মিসরীয় অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।
ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসও তাদের দেশের নাগরিকদের শারম আল-শেখে ভ্রমণে সতর্কতা জারি করেছে। লোহিতসাগর-তীরবর্তী ওই অবকাশযাপন কেন্দ্রে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে জার্মানী। তবে রুশ বিমান শারম আল-শেখে আসা-যাওয়া অব্যাহত রেখেছে।
যুক্তরাজ্য শুক্রবার থেকে তাদের দেশের পর্যটকদের শারম আল-শেখ থেকে বিমানে ফিরিয়ে আনা শুরু করবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে বিমান বিধ্বস্তের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস গোষ্ঠী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দেওয়া এক বিবৃতিতে সিনাই প্রদেশে আইএসের সংশ্লিষ্ট ওই ব্যক্তি বিমান বিধ্বস্তের পেছনে নিজেদের দায়িত্ব স্বীকার করে।
এদিকে এখনো বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।তবে বোমার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন।
মিসরের লোহিত সাগরের শারম আল-শেখ থেকে গত শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় বেসামরিক যাত্রীবাহী এয়ারবাস ৩২১। ৯২৬৮ ফ্লাইটের বিমানটি মিসর থেকে সাইপ্রাস হয়ে রাশিয়ার পিটাসবার্গের উদ্দেশে যাচ্ছিল।
যাত্রাপথে মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় রুশ এয়ারলাইনার কোগালিমাভিয়ার (এটি মেট্রোজেট নামে ফ্লাইট পরিচলনা করে) বিমানটি। এতে মোট ২২৪ আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৫ শিশুসহ ২১৭ যাত্রী ও সাত ক্রু, যাদের সবাই নিহত হয়েছেন।
মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ২১৩ রুশ পর্যটক ও চারজন ইউক্রেনের নাগরিক ছিলেন। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে অন্তত একজন বেলারুশের নাগরিক ছিলেন।দুর্ঘটনায় নিহতদের প্রথম দফার শেষকৃত্য বৃহস্পতিবার রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনাটি তদন্ত করছে মিসর, রাশিয়া ও ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা।
