আন্তর্জাতিক ডেস্ক : আগুনে পুড়ে তিন ছেলেসহ মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক এমপি সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী মাধবী এবং ছেলে অনিল কুমারকে গতকাল বৃহস্পতিবার দিনের শেষভাগে গ্রেপ্তার করে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তাদের ১৪ দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তাদেরকে ওয়ারেঙ্গেলের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
গত বুধবার সিরিসিল্লা রাজাইয়ার বাড়িতে আগুন লেগে তার পুত্রবধূ ও তিন নাতি পুড়ে মারা যাওয়ার ঘটনার পর থেকেই ওই তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়।
অন্ধ্র প্রদেশের ওয়ারেঙ্গেল শহরে রাজাইয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে বলে শুরু থেকেই সন্দেহ করে নিহত পুত্রবধূ সারিকার পরিবার।
বাড়িটির দোতালায় নিজের শোবার ঘরেই তিন পুত্র, অভিনভ (৭), অয়ন (৩) ও শ্রিয়ানসহ (৩) জীবন্ত দগ্ধ হয়ে মারা যান সারিকা।
অন্ধ্রের নাজিমাবাদ জেলা থেকে সারিকার পরিবার জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সারিকার আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তারা।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০২ সালে রাজাইয়ার ছেলে অনিলের সঙ্গে সারিকার বিয়ে হয়। আইবিএমে চাকরি করতেন তিনি। গত বছর হয়রানির অভিযোগে মামলা করেছিলেন সারিকা। রাজাইয়ার বাড়ির সামনে সন্তানদের নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন সাবেক এমপির এই পুত্রবধূ।
প্রসঙ্গত, ভারতীয় পার্লামেন্টের ওয়ারেঙ্গেল আসন থেকে ২০০৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজাইয়া। তবে গেল বছর নির্বাচনে তিনি পরাজিত হন।
