প্রেস রিলিজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ১৭ নভেম্বর ২০১৫ খ্রি. মঙ্গলবার বিকেলে নগরীর তামাকুমন্ডি লেইন বণিক সমিতি’র নব নির্বাচিত কার্যকরি পরিষদের নেতৃবৃন্দের সাথে তাঁর দপ্তরে এক বৈঠক করেন। বৈঠকে মেয়র কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম ব্যবসা বান্ধব নগরী।
দলমত, জাতি-বর্ণ-ধর্ম-গোত্র নির্বিশেষে সকল ব্যবসায়ীদের নিরাপদ স্থান চট্টগ্রাম। তিনি এ নগরীর মর্যাদা বৃদ্ধির জন্য ক্রেতাদের সাথে দোকান মালিক ও কর্মচারীদের সুমধুর আচার আচরণ করতে হবে। তিনি মালামাল বাজারজাত করার ক্ষেত্রে অধিক মুনাফা না করে বেশি বেশি পণ্য সামগ্রীর বিক্রীর প্রচেষ্টা চালাবার আহবান জানান। সিটি মেয়র ব্যবসায়ীদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সৃষ্ট আবর্জনা যত্র-তত্র না ফেলে নির্দ্দিষ্ট ডাষ্টবিন ও কন্টেইনারে ফেলে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার পরামর্শ দেন। বৈঠকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবদুল খালেক, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সহ কমিটির ২১ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
