তথ্যপ্রযুক্তি ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুব অল্প সময়ের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
জাতীয় তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসবের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পরামর্শে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছে বিটিআরসি। ওই দিন প্রায় দেড় ঘণ্টার মতো সারাদেশে ইন্টারনেট যোগাযোগও বন্ধ রাখা হয়েছিল।
তিনি বলেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সুফল ইতোমধ্যে আমরা পেয়েছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে দেশে ফেসবুক খুলে দেওয়া হবে।
