চট্রগ্রাম :: নারী মুক্তি আন্দোলন ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া যুগে যুগে প্রেরণার উৎস বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মিলনায়তনে ‘নারী শিক্ষা প্রসারে, কুসংস্কার বিদূরণে ও সাহিত্য চর্চায় রোকেয়ার অবদান’ শীর্ষক একটি সেমিনারে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘‘সমাজ সচেতন, অদম্য সাহস ও নির্ভীক চেতনায় উদ্ধুদ্ধ এ মহিয়সী নারী পরাধীন ভারতবর্ষে চরম বঞ্চনা ও নিপীড়নের শিকার নারী সমাজকে তাঁর লেখনীর মাধ্যমে সকল কুসংস্কার ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আলোর পথে বেরিয়ে আসার আহবান করেছিলেন।
তিনি বলেন, সমাজ, দেশ ও রাষ্ট্রের কাংখিত উন্নয়ন ও অগ্রগতি অর্জনে নারীর মেধা, প্রজ্ঞা ও প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ একান্ত অপরিহার্য। তাই নারীকে অবরদ্ধ করে রাখার সুযোগ নেই।
চবি বাংলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নুরুল আমিন এর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘রোকেয়া চেয়ার’ বিশিষ্ট শিক্ষাবিদ-গবেষক প্রফেসর ড. মুহম্মদ শামসুল আলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।
সেমিনারে অন্যান্যদের মধ্যে চবি বাংলা বিভাগের প্রফেসর ড. আমাতুল লায়লা জামান, প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও সেমিনার উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. শিরীণ আখতার উপস্থিত ছিলেন।
