বিনোদন ডেস্ক : ২৫ ডিসেম্বর, সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র লালচর। ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।
নাট্যাভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরীর পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন ও মোহনা মীম। তবে সিনেমার মুক্তির দিন দেশে থাকছেন না আনিসুর রহমান মিলন।
এ প্রসঙ্গে কথা হয় চিত্রনায়ক আনিসুর রহমান মিলনের সঙ্গে। তিনি জানান, ’আমার ছেলের জন্মদিন। এ জন্য আগামী ২২ ডিসেম্বর আমেরিকা যাচ্ছি। ‘সিনেমাটি অনুদানে নির্মিত হলেও বাজেটে কোনো কমতি ছিল না। কাজও অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি ভালোভাবেই নিবেন।’
মিলন ও সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মীম ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলা নাদের চৌধুরীসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন- ফরিদ আহমেদ।
চলতি বছরের ২৮ জানুয়ারি বিএফডিসির ভিআইপি ল্যাবে লালচরের মহরত অনুষ্ঠিত হয়। ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মার চর এলাকায় শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। গত ১৮ নভেম্বর বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় লাল চর।
