আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার রাক্কায় সন্দেহভাজন রুশ বিমান হামলায় অন্তত ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের ওই হামলায় আহত হয়েছে আরও ১১ জন। খবর আলজাজিরার।
স্থানীয় মানবাধিকারকর্মী গারেব আল-ওমাওয়ি জানিয়েছেন, দুইটি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। তিনি জানান, ফায়ার সার্ভিসের ব্যবহৃত তিনটি ট্রাকে হামলা চালানো হয়েছে। এতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া
আবাসিক এলাকায় চালানো হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাক্কায় এ ধরনের হামলার ঘটনা নিয়মিত ঘটে থাকে বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর প্রান্তে রুশ বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের দমনে চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।
