স্পোর্টস ডেস্ক :: শ্রীলঙ্কা ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটা আতঙ্ক! সম্প্রতি গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ অক্টোবরে গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ খেলার জন্য শ্রীলঙ্কার দুই ক্রিকেটার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ ও উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরাকে কোটি টাকার প্রস্তাব দেন এক বুকি৷
প্রস্তাবে সাড়া না-দিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার৷ টেস্ট জিতে নেয় শ্রীলঙ্কা৷ ম্যাচে ১০ উইকেট নেন হেরাথ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার৷
ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরা জানান, বুকিরা চেয়েছিল শ্রীলঙ্কা তাড়াতাড়ি আউট হয়ে যাক৷ ম্যাচে শ্রীলঙ্কা ফেভারিট থাকায় হেরাথরা হারলেও বুকিদের মোটা অঙ্কের লাভ হত৷ প্রথমে পেরেরাকে প্রস্তাব দেয়৷ ও রাজি না-হওয়ায় পরে হেরাথকে প্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু দু’জনে প্রস্তাবে সাড়া না-দেওয়ার পাশাপাশি বিষয়টি বোর্ডকে জানিয়ে দেয়৷’ শ্রীলঙ্কা বোর্ডের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও৷
