বিনোদন ডেস্ক : অদ্ভুত সব আচরণের জন্য পপসংগীত তারকা জাস্টিন বিবার বরাবরই সমালোচিত হয়ে আসছেন। তবুও জাস্টিন বিবার বলে কথা! বিশ্বজোড়া খ্যাতি তাঁর। এমন একজন তারকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া তো চাট্টিখানি কথা নয়। কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে মেক্সিকোর প্রত্নতাত্ত্বিক শহর তুলুমে।
অবকাশ যাপনে মেক্সিকো গিয়েছিলেন কানাডীয় এই পপসংগীত তারকা। সঙ্গে তাঁর নতুন বান্ধবী হেইলি বল্ডউইন। সেখানে সমুদ্রতীরবর্তী মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন বিবার। এ পর্যন্ত সব ঠিকঠাকই আছে। বিপত্তিটা বেধেছিল তখনই, যখন সাঙ্গপাঙ্গসহ দর্শনার্থীদের ‘প্রবেশ নিষেধ’ এমন ধ্বংসাবশেষে ঢুকে পিরামিডে ওঠার জন্য জোরাজুরি করেছিলেন বিবার। বাধা দিলে কর্তব্যরত কর্মীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন তিনি। এমনকি প্যান্ট খুলে কর্মীদের অপমানও করেন।
‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি’র পরিচালক আদ্রিয়ানা মরলেট ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ‘মেক্সিকোর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি রক্ষায় আমাদের নিয়মকানুন খুব কড়া। এই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তা তিনি বিখ্যাত হন বা না হোন।’
প্রসঙ্গত, ভারতের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অবশ্য জাস্টিন বিবারের ওপর এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলেই জানিয়েছেন আদ্রিয়ানা। তবে কণ্ঠে তাঁর কিছুটা ঝাঁজ তো ছিলই। তিনি বলেন, ‘পবিত্র এ ভূমিতে বিয়ার খাওয়া কিংবা দুর্ব্যবহার করার পরও তিনি (জাস্টিন বিবার) আবার এলে আমরা তাঁকে স্বাগত জানাব।’
অবকাশ যাপনে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একের পর এক ছবি পোস্ট করছেন জাস্টিন বিবার। কিন্তু কোথাও এ ঘটনার উল্লেখ করেননি তিনি। অবশ্য ছবিগুলো দেখলেই বোঝা যায়, বল্ডউইনের সঙ্গে সময়টা তাঁর ভালোই কাটছে। ইটি অনলাইন।
