নৌবাহিনীতে যুক্ত হলো ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’

0

নিজস্ব প্রতিবেদক :: চীনে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ আজ রোববার সকালে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। ঈশা খাঁ ঘাঁটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান। এ সময় নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি বিবৃতিতে জানিয়েছে, দৈর্ঘ্যে ৯০ ও প্রস্থে ১১ দশমিক ৪ মিটারের করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। আধুনিক ক্ষমতাসম্পন্ন এসব জাহাজবিধ্বংসী মিসাইল ও সমুদ্র তলদেশে সাবমেরিন টার্গেটে আঘাত হানতে সক্ষম।

জাহাজ দুটি অন্তর্ভুক্তির ফলে বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ করা ব্লকগুলোয় অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

২০১৩ সালের ৭ জানুয়ারি চীনে জাহাজ দুটির নির্মাণকাজ শুরু হয় এবং দীর্ঘ ৩৫ মাস শেষে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গত ২৬ ডিসেম্বর জাহাজ দুটি চীনের কুইডং বন্দর থেকে যাত্রা শুরু করে ‘ইয়ানতিয়ান’ বন্দর ও মালয়েশিয়ার ‘ক্লাং’ বন্দর হয়ে প্রায় আট হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌঁছায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.