সিটিনিউজবিডি : বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করার জন্য মোহাম্মদপুর থানায় রওনা হয়েছেন। তিনি হাইকোর্টের অর্ডার, পুলিশি প্রতিবেদন ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজের কপি নিয়ে থানায় যাচ্ছেন।
মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিনি মোহাম্মদপুর থানার দিকে রওনা দেন। রাব্বি ও তার বন্ধু জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ জানান, গতকাল সোমবার দেওয়া হাইকোর্টের আদেশের কপি নিয়ে থানায় মামলা করার জন্য যাওয়া হচ্ছে। এর আগে থানায় রাব্বি যে অভিযোগ দিয়েছিল সেটাই মামলা আকারে রুজু করার জন্য ওসিকে বলা হবে। মামলা হলে সেটি জানানো হবে।
এদিকে রাব্বি জানান, থানায় মামলা নেওয়া না হলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে আদালতে তিনি মামলা করবেন। তবে তিনি থানাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় রাব্বিকে পুলিশ নির্যাতন করে। এরপর পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরদিন রাব্বি থানায় একটি অভিযোগ দিলে এসআই মাসুদকে প্রত্যাহার করে নিয়ে অভিযোগের তদন্ত শুরু করেন ওই এলাকার সহকারী কমিশনার হাফিজ আল ফারুক। তদন্তে প্রাথমিক প্রমাণ পাওয়ায় মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে পুলিশ সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়।
