স্পোর্টস ডেস্ক : মালাগার বিপক্ষে ম্যাচে পুরোপুরি ফিট হয়ে ফিরছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। ইতোমধ্যেই পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে সতীর্থদের সাথে অনুশীলনেও দেখা গিয়েছে। কিন্তু ইনজুরিতে ছিটকে পড়েছেন নেইমার।
শনিবার লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন। আর বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা।
অন্যদিনে মেসি তার সুস্থতা ফিরে পেলেও নেইমার ইনজুরিতে পড়েছেন। তিনি বাম পায়ের মাংসপেশীতে আঘাত পেয়েছেন। যদিও তার ইনজুরি অতোটা মারাত্মক নয়। তারপরও দলের নির্ভরযোগ্য ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে নারাজ কাতালান ক্লাবটি। ফলে তাকে শুক্রবারের অনুশীলেনেও দেখা যায়নি। আর আজকের ম্যাচটিতেও তিনি খেলতে পারবেন না।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ১৮ জানুয়ারি মেসি হ্যামস্ট্রিংয়ে আঘাত পান। ফলে তাকে বিরতির পর আর মাঠে দেখা যায়নি। যদিও তারা সেই ম্যাচে ৬-০ গোলে জয়লাভ করেছেন। আর দু’দিন পরের ম্যাচেও উপস্থিত থাকতে পারেননি এই কিংবদন্তি।
তবে মেসির চোট ততটা গুরুতর ছিল না। বিলবাওয়ের বিপক্ষেই তিনি মাঠে নামতে পারতেন। কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাননি বার্সেলোনার কোচ লুইস এনরিক। তাই মেসিকে একটি ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল।
বার্সেলোনার বিপক্ষে মালাগার ইতিহাস খুব একটা সুখকর নয়। বার্সেলোনার বিপক্ষে তারা সর্বশেষ ২২টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয়লাভ করেছে।
