বিনোদন : প্রজাতন্ত্র দিবসে অনেকবারই হয়তো ভারতে থেকেছেন কিন্তু ভারতীয় হিসেবে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করছেন সংগীতশিল্পী আদনান সামি।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন এ সংগীতশিল্পী। তার ছবির পেছনে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
গত ১ জানুয়ারি মুম্বাইয়ে ভারতের উপস্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজ্জু এ সংগীতশিল্পীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেন। পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামির জন্ম ব্রিটেনে।
২০০১ সালের ১৩ মার্চ এক বছরের ভিজিটর ভিসা নিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন আদনান সামি। এরপর অনেকবারই তাকে ভিসার মেয়াদ বাড়াতে হয়েছে। সবশেষ গত বছর ২৬ মে ভিসার মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় সরকারের কাছে সেই দেশে থাকার বৈধতা চেয়ে আবেদন করেন। পরে ভারতীয় সরকার তা অনুমোদনও করে।
