সাত খুনের পরবর্তী চার্জ গঠন ৮ ফেব্রুয়ারি

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুটি মামলার চার্জ গঠনের জন্য মামলার প্রধান আসামি নুর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়াও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জনকে হাজির করা হয় আদালতে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুয়ায়ী তাদের হাজির করা হয়।

পরে সকাল ১০ টায় তাদের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত পরবর্তী চার্জ গঠনের তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান পরবর্তী তারিখের বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন। এ ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়া এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে গত ১২ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে গত ১৩ নভেম্বর নারায়ণগঞ্জে আদালতে ওঠানোর পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে র্যাবের ১৭ জনসহ ২২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার সাক্ষী হিসেবে র্যাব সদস্যসহ ১৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.