চট্রগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি বিকৃত করে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করায় ২৬ জানুয়ারি রাতে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মো.এনামুল হক মঞ্জু (২৮) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলেন, এনামুল ফেসবুকে যেসব আপত্তিকর ছবি ও মন্তব্য পোস্ট করেছে সেগুলো তার মোবাইলের মাধ্যমে জনসম্মুখে প্রদর্শন করছিল। খবর পেয়ে আমাদের টিম গিয়ে তাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, এনামুল ফেসবুকে তার টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য ড.হাছান মাহমুদ এবং পুলিশ মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল ইসলামের বিকৃত ও ব্যঙ্গ ছবি দিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লিখেছে।
এনামুল ফেসবকু স্ট্যাটাসে লিখেছে ‘এবারের সংগ্রাম ইসলামকে ধ্বংস করার সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলার মানুষকে হত্যা করার সংগ্রাম, রক্ত যখন খেয়েছি রক্ত আরো খাবে, এদেশেকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বো’সহ বিভিন্ন আপত্তিকর কথাবার্তা। এনামুলের বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার সরকার বাদি হয়ে নগরীর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এনামুল এর আগেও একবার পাঁচলাইশ থানায় গ্রেপ্তার হয়েছিল। বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১২ ডিসেম্বর এনামুলকে ককটেলসহ গ্রেফতার করা হয়েছিল। ওইসময় বিস্ফোরক আইনে পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি এনামুল।
