সিটিনিউজবিডি : গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার কাজী শাহাদাত হোসেন এবং তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল অভিযোগপত্র গ্রহণ করে ২২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন। এসময় ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। অভিযোগপত্রে দুই আসামি শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত জামিনে আছেন।
গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ওই শিশুটিকে পাওয়া যায়।
এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল হক বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার পর গত বছরের ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য গ্রেপ্তার করে পুলিশ।
পরে ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণের পর শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। স্বামী-স্ত্রী দুজনই জামিনে আছেন।
